সুনামগঞ্জ বিশ্বম্ভপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬২), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) ও ছেলে ফরহাদ (৩৭)।
জানা গেছে, একটি মুদি দোকানের টিনের চালের ওপর বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে। টিনের তৈরি দোকান হওয়ায় মুহূর্তেই পুরো দোকানে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় প্রথমে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা নুরুল আমিন এবং পরে মা ফাতেমা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


