সীমান্তে হত্যা করে সঙ্গে বন্ধুত্ব হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘কাঁটাতার দিয়ে বন্ধুত্ব হয় না। এসব কাঁটাতার ভেঙে ভারতীয় জনগণ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করবে। আমরা বাংলাদেশকে কোনো দেশের করদ রাজ্য হিসেবে দেখতে চাই না।’
মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এই সভা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, শাপলা চত্বরের ঘটনা বাংলাদেশে বড় ক্ষত তৈরি করেছে। ওই হত্যাকাণ্ড ঠেকানো গেলে জুলাইয়ের গণহত্যা ঠেকানো যেত।
তিনি উল্লেখ করেন, নিরস্ত্র ও নিরাপরাধ মানুষকে হত্যা করা আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ।
সে সময় আলেমদের রক্ষায় রাজনৈতিক দলগুলো যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন বিএনপি তখন আলেমদের পাশে দাঁড়াতে পারেনি।
মাদ্রাসা ছাত্রদের ঢালাওভাবে ‘জঙ্গি’ বা দাড়ি-টুপিধারীদের ‘শিবির’ হিসেবে চিত্রিত করার সংস্কৃতির সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আমরা এসব আর মেনে নেব না। এ দেশের সব আন্দোলনে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের অবদান জাতীয় ইতিহাসে অন্তর্ভুক্ত করতে হবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ জাতীয় পর্যায়ের নেতারা।


