সিলেটে চার গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ১০

সিলেটে চার গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ১০
সিলেটে চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের থামাতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

সিলেট নগরীর একটি পথসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ছোড়া ঢিলে পুলিশসহ অন্তত আট থেকে ১০ জন আহত হয়েছেন।

বুধবার রাত ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে আশপাশের বেশ কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে তেমুখি পয়েন্টে একটি পথসভায় কুমারগাঁও ও সাহেবের গাঁও গ্রামের দুই দল কিশোরের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। তখন উপস্থিত লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। তবে ঘণ্টাখানেক পর উভয় পক্ষ আবারও এ বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে কিশোরদের পক্ষ নিয়ে কুমারগাঁও এলাকার বাসিন্দাদের সঙ্গে নাজিরের গাঁওয়ের লোকজন একাত্মতা প্রকাশ করলে সাহেবের গাঁওয়ের সঙ্গে চারুগাঁও এলাকার কয়েকজন যোগ দেন। এতে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশ আরও জানায়, সংঘর্ষের কারণে সিলেট–সুনামগঞ্জ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার যান চলাচল শুরু হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বলেন, ‘মধ্যরাতে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর