রাজধানী ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম সাজেদুল ইসলাম (৪৮)।
শনিবার সকাল ৯টার দিকে সিঙ্গার শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুল ইসলাম দক্ষিণ বনশ্রীর ওমর আলী লেনে বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল লতিফ।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে সাজেদুল ইসলাম স্কুটি মোটরসাইকেল চালিয়ে নিজ বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় দক্ষিণ বনশ্রী ইউনিটি হাসপাতাল সংলগ্ন সিঙ্গার শোরুমের সামনে পাকা সড়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির সঙ্গে পেছন থেকে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় উত্তেজিত জনতা গাড়িচালককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে এবং ময়লার গাড়িটি জব্দ করে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশিকুর জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


