জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে চাই। আমরা এ জন্যই এ মুহূর্তে কাজ করছি।’
বৃহস্পতিবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের স্বাধীনতার পক্ষে যারা লড়েছেন, শহীদ হয়েছেন, বীরাঙ্গনা হয়েছেন, তাদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। এজন্য নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই ভবিষ্যতে আর এমন পরিস্থিতি সৃষ্টি না হোক।’
এদিকে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘১৯৭১ সালে মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও ন্যায় বিচারের স্বার্থে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার পর অর্ধশতাব্দী পার হলেও স্বৈরাচার কায়েম হয়েছে। সেই স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বারংবার জীবন দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘২০২৪ সালে আমরা দেখেছি, বাংলাদেশের জনগণ স্বৈরাচার ও দূর শাসনের বিরুদ্ধে ১৯৭১ সালের মতো একত্র হয়ে রাজপথে নেমেছে। ৭১ সালের মতো করেই ২০২৪ সালে আমরা বিজয় অর্জন করেছি।’
আখতার হোসেন বলেন, ‘৪৭ আমাদের মানচিত্রের ভূখণ্ড এঁকে দিয়েছে, ৭১ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আর ২৪-এর মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের পথে অগ্রসর হওয়ার সুযোগ পেয়েছি। স্বাধীনতা দিবসে আমরা বীর শহীদদের স্মরণ করি এবং গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষার প্রতিশ্রুতি নিয়ে সামনের দিকে এগোতে চাই।’
এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


