সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা ৫৬টি হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে বুধবার এ আদেশ দেন ঢাকা মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ সাব্বির ফায়েজ। দুদকের পক্ষে আবেদনটি করেন সহকারী পরিচালক এস এম রশেদুল হাসান।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, জব্দের আদেশ পাওয়া ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে রয়েছে ৩৯টি, তার আত্মীয় ইলা হকের নামে ২টি এবং ১৫টি হিসাব রয়েছে আরেক আত্মীয় জিয়াউল হকের নামে। এসব হিসাবের মোট স্থিতির পরিমাণ ১৫ কোটি ৪০ লাখ টাকা।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবগুলোয় বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন হয়েছে। এসব হিসাব অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা চলছে বলে অনুসন্ধানের সময় বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।


