সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারের পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, এসব হিসাবে ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা রয়েছে। দুদকের পক্ষ থেকে পরিচালক আবুল হাসনাত এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও নিয়োগ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।
দুদক এ অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে তার পাঁচটি হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে। এ ছাড়া এসব হিসাবে ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা স্থিতি থাকার তথ্য মিলেছে।
কিবরিয়া মজুমদার বর্তমানে কারাগারে থাকলেও পরিবারের অন্য কেউ টাকা তুলে ফেলতে পারে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
২০২৩ সালের ডিসেম্বরে কুমিল্লা-১১ আসনে মুজিবুল হকের নির্বাচনি জনসভায় ভোট চাওয়ার অভিযোগে কিবরিয়া মজুমদারকে শোকজ করেছিল নির্বাচন কমিশন।


