সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত বিএনপি নেতা শাহাব উদ্দিন। শনিবার রাতে সিলেটের কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) শহিদুল ইসলাম সোহাগ জানান, সাদাপাথর লুট ও চাঁদাবাজির ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় গত মাসে শাহাব উদ্দিনের মামলা হয়। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা আছে। তাকে গ্রেপ্তারের পর সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট রাতে শাহাব উদ্দিনের বিরুদ্ধে সাদাপাথর লুটকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে শাহাব উদ্দিনের সব রাজনৈতিক পদ স্থগিত করা হয়। একই সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আবদুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

দলীয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চাঁদাবাজি ও দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই শাহাব উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তিত রাজনৈতিক পটে শাহাব উদ্দিনের বিরুদ্ধে প্রায় ১৫০ একর সরকারি জমি দখলের অভিযোগ ওঠে। সে সময়ও তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি।
পাশাপাশি তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ তদন্তে সহ-সভাপতি আশিক উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। তবে এরপরও বিতর্কিত কর্মকাণ্ড অব্যাহত রাখায় দলীয় পদ হারিয়ে গ্রেপ্তার হলেন তিনি।


