নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত তৈরিতে আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে এবার ঢাকা বাদে দেশের সাত বিভাগীয় শহরে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতসহ আট দল।
বুধবার ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত দলগুলোর পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফী কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘পাঁচ দফা দাবির বাস্তবায়ন হয়নি এমন দাবির পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, গণভোটে ‘হ্যাঁ’ জেতানোর পক্ষে জনমত সৃষ্টি সাত বিভাগীয় শহরে সমাবেশ করা হবে।’
দাবি আদায়ে বেশ লম্বা সময় ধরেই পথে রয়েছে দলগুলো। সবশেষ গত ১১ নভেম্বর ঢাকার পল্টনে যৌথ সমাবেশ করেছে আট দল। এর আগে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হয়েছে, নেতাকর্মীরা করেছেন গণমিছিলও। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলও করা হয়েছে।
এসব কর্মসূচীর পর এবার দেশের সাত বিভাগীয় শহরে সমাবেশের ঘোষণা দেওয়া হলো।
ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বর রংপুর, ১ নভেম্বর রাজশাহী, ২ নভেম্বর খুলনা, ৩ নভেম্বর বরিশাল, ৪ নভেম্বর ময়মনসিংহ, ৫ নভেম্বর সিলেট এবং ৬ নভেম্বর চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
ইউসুফ আশরাফী আরও বলেন, শিগগির সমাবেশ বাস্তবায়নে দলগুলোর লিয়াজো কমিটি গঠন করা হবে। গত ১৬ নভেম্বর দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যুগপৎ আন্দোলনে থাকা আট দল হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
সংবাদ সম্মেলনে দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


