সাতক্ষীরায় ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে কলেজছাত্রী নিহত 

সাতক্ষীরায় ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে কলেজছাত্রী নিহত 
Advertisement
Advertisement

সাতক্ষীরার কলারোয়ায় মাটিবাহী ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলা সদরের বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রীর নাম সুরাইয়া খাতুন (১৮)। তিনি উপজেলার ছলিমপুর গ্রামের ওজিহার রহমানের মেয়ে এবং কলারোয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইজিবাইকযোগে সুরাইয়া কলেজে যাচ্ছিলেন। পথে বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি মাটি বহনকারী ট্রলি আকস্মিকভাবে ডানে মোড় নেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন সুরাইয়া।

আরও পড়ুন

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কলেজে যাওয়ার পথে সুরাইয়ার এমন মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কে অবৈধ ও নিয়ন্ত্রণহীন যানবাহনের চলাচল দিন দিন বেড়েই চলছে। এসব যানবাহনের কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন হোসেন বলেন, ’ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad