চট্টগ্রামের সাতকানিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মৌলভির দোকান বিওসি মোড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী বাদুরখানা এলাকার মনিদ্র দের ছেলে বাবুল দে (৫৫) এবং সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের বণিক পাড়া এলাকার মৃত নিরঞ্জন ধরের ছেলে রঞ্জিত ধর (৫০)।
এতে আরও আহত হয়েছেন দিলীপ মল্লিক (৬২), টিকলু বিশ্বাস (৪০), প্রাইভেটকারের যাত্রী মো. রিয়াদ (৪০), জেরিন আফরোজ (৬৫), মো. এহসান (৪০) ও মশিউর রহমান (৪৩)।
দুর্ঘটনার একটি ২৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে অটোরিকশায় যাত্রী তুলছিলেন চালক। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি প্রাইভেটকার পেছন দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি কিছু দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে দোহাজারীর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তাদের মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


