সাগরে গোসলে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

সাগরে গোসলে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার
নিহত মোহাম্মদ সায়েম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর মোহাম্মদ সায়েম (২২) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে উখিয়ার রেজু ব্রিজ সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। নিহত মোহাম্মদ সায়েম (২২) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে।

বিচকর্মীদের ইনচার্জ মাহবুবুর রহমান জানান, সকালে স্থানীয়রা রেজু ব্রিজ সংলগ্ন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে বিচকর্মী, কোস্ট গার্ড ও পুলিশকে খবর দেন। পরে বিচকর্মী ও কোস্ট গার্ড সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।

তিনি আরও জানান, সায়েমের সঙ্গে কক্সবাজারে ঘুরতে আসা তার বন্ধু আরমান মরদেহটি শনাক্ত করেছেন। উদ্ধার হওয়া মরদেহটি বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

এর আগে শনিবার দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকায় নৌবাহিনীর জেটি ঘাট সংলগ্ন সমুদ্রে দুই বন্ধু মোহাম্মদ সায়েম ও আরমান গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল ঢেউয়ের স্রোতে সায়েম তলিয়ে যান।

ঘটনার পর থেকেই বিচকর্মী, কোস্ট গার্ড, পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও নিখোঁজ সায়েমের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর তার ভাসমান মরদেহ পাওয়া যায়।

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad