সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছে হাইকোর্ট। ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়েছে।
এ বিষয়ে পৃথক আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
এ ছাড়া দুজনকেই একটি করে মামলায় জামিন না দিয়ে, জামিনের প্রশ্নে রুল জারি করেছে আদালত। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা পৃথক ১৩টি জামিন আবেদন করেছিলেন। রুপার বিরুদ্ধে সাতটি মামলায় ছয়টিতে তিনি জামিন পেয়েছেন। শাকিলের বিরুদ্ধে ছয় মামলার পাঁচটিতে তিনি জামিন পেয়েছেন।
যাত্রাবাড়ী থানায় করা শিক্ষার্থী ইমরান হত্যা মামলায় তাদের জামিনের বিষয়ে রুল জারি করা হয়েছে। মিরপুরে একটি, যাত্রাবাড়ীতে চারটি, মোহাম্মদপুরে একটি, তেজগাঁও থানায় একটি মামলার আসামি রুপা। মোহাম্মদপুর থানায় করা হত্যা চেষ্টা মামলায় একমাত্র আসামি রুপা। বাকিগুলোতে শাকিল আসামি।
এর আগে, ২১ এপ্রিল জামিনের বিষয়ে শুনানি শেষ হয়। রাজধানীর আদাবর থানার গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ২০২৪ সালের ৩১ আগস্ট সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে কারাগারে পাঠায় আদালত। ওই বছরের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।
শাকিল আহমেদ বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ।


