কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা ও তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ।
সোমবার সম্পাদক পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের আচরণ অতীতের স্বৈরাচারী শাসনামলে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রীয় দমন-পীড়নের স্মৃতি উসকে দেয়।
সম্পাদক পরিষদের পক্ষে সংগঠনের সভাপতি নুরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
এতে বলা হয়, এ ধরনের চর্চা অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ও দেখা গেছে। সে সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্বিচার গ্রেপ্তার ছিল নিয়মিত ঘটনা। বর্তমান ঘটনাটি সেই দুঃখজনক বাস্তবতারই পুনরাবৃত্তি।
সম্পাদক পরিষদ মনে করে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে তা অবশ্যই প্রচলিত আইন ও ন্যায়বিচারসম্মত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া, সেখানে আটকে রাখা কিংবা পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও সাংবাদিকদের বিরুদ্ধে সকল ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।


