দুর্দান্ত গতির সব বাউন্সার, স্টাম্প উপড়ানো ইয়র্কারের জন্য ক্যারিয়ার জুড়েই বিখ্যাত ছিলেন শোয়েব আখতার। এর সাথে লম্বা চুল, দীর্ঘ রান আপের জন্য ডাকনামই পড়ে গিয়েছিল ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১০০ মাইল বেগে বল করে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। সেটা এখনো কেউ ছুঁতে পারেনি। সেই শোয়েবই এবার চাইছেন, বাংলাদেশের তাসকিন আহমেদ যেন তার সর্বোচ্চ গতির ডেলিভারির রেকর্ড ভেঙে দেন।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ফ্র্যাঞ্চাইজিটির সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাবেক এই পাকিস্তানি পেসারকে প্রশ্ন করা হয়, ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের কাছে তার প্রত্যাশা কী? শোয়েব বলেন, ‘আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক।’
২৬ ডিসেম্বর থেকে শুরুর হতে যাওয়া বিপিএলের দ্বাদশ আসরে ঢাকার হয়ে খেলবেন তাসকিন। সরাসরি চুক্তিতে এই ডানহাতি পেসারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাসকিনের প্রশংসা করে শোয়েব আরো বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের পেসাররা অনেক দূর যাবে। তাসকিনকে দেখুন, খুবই শার্প এবং ফোকাসড। আমি চাইব তাদের মোটিভেট করতে, যেন ম্যাচ জেতাটা শিখতে পারে।’
কেন ঢাকা ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব নিতে তিনি রাজি হয়েছেন, এই প্রশ্নের জবাবে শোয়েব বলেন, ‘আমি এই দেশকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরে বাংলাদেশে আসার জন্য মুখিয়ে ছিলাম। তবে এখানে আসা হচ্ছিল না। বাংলাদেশের ব্যাপারে আমার ভালোবাসা সবাই জানে। আর বাংলাদেশও আমাকে কতটা ভালোবাসে সেটাও আমি জীবনভর দেখেছি। তাই অনেক ধন্যবাদ। এখানে এসে আমি সত্যিই খুশি।’
আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে বিপিএলে দ্বাদশ আসর। এরপর চট্টগ্রাম ঘুরে ঢাকায় এসে পর্দা নামবে দেশের শীর্ষ ক্রিকেট টুর্নামেন্টের।


