ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল না নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।
ইসি সূত্রে জানা যায়, ভোটারদের মোবাইল বহনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি ইসি কর্মকর্তারা। প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিগগিরই বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান তারা।
এর আগে, রোববার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এক নির্দেশনায় ভোটকেন্দ্রে মোবাইল টেলিফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানান।
দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, কেন্দ্রের ৪০০ গজের মধ্যেই ফোন নেওয়া যাবে না।
কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য তাদের সঙ্গে মোবাইল ফোন রাখতে পারবেন বলে জানায় নির্বাচন কমিশন।


