পদত্যাগের গুজব অস্বীকার করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেছেন, ‘এসব ভিত্তিহীন গুজব।’
শুক্রবার বিকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি এনসিপির সঙ্গেই আছি। সরকার গঠনের আগ পর্যন্ত দলের সঙ্গে থাকব।’
সম্প্রতি ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের গল্প প্রায়ই ছড়ায়। অনুসন্ধানী সাংবাদিকতার নামে কিছু মানুষ এ ধরনের তথ্য ছড়িয়ে দেয়। এখন দেশে সবচেয়ে বেশি দরকার দুর্নীতির উৎস চিহ্নিত করার মতো অনুসন্ধানী সাংবাদিকতা।’
পাটওয়ারী অভিযোগ করেন, বর্তমান সরকারেও আগের সরকারের মতোই দুর্নীতি অব্যাহত রযেছে। সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্রে একই ধারা চলছে।
‘দায়িত্বহীন সাংবাদিকতার’ সমালোচনা করে পাটওয়ারী বলেন, ‘এক রাতের মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়ে। এ ধরনের সাংবাদিকতা বন্ধ হওয়া উচিত।’
‘টক্সিক সাংবাদিকতা’ প্রচারের জন্য সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল পরিচালনা করা ব্যবসায়ীদেরও দায়ী করেন তিনি। পাশাপাশি সবাইকে আহ্বান জানান দেশে ‘সুস্থ, ইস্যুভিত্তিক রাজনীতি’ ফিরিয়ে আনার।
বৃহস্পতিবার রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেছেন বলে প্রতিবেদন প্রকাশ করে একটি গণমাধ্যম। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দেওয়া হয়।
সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পদত্যাগের পেছনে মূল কারণ পদসংক্রান্ত জটিলতা। আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলে দায়িত্ব নিতে চান নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের। কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে তার প্রস্তাবে মৌন সম্মতি দিয়েছে। এতে মনঃক্ষুণ্ণ হয়ে নাসীরুদ্দীন পদত্যাগপত্র জমা দিয়েছেন।
প্রতিবেদনটিতে এটাও বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে তিনি দল থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না এবং সদস্য হিসেবে থাকবেন।


