ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করার পর বিএনপির নেতা-কর্মীদের উত্তেজনার মুখে গ্রেপ্তার সাথী আক্তারকে (৩০) জামিন দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ময়মনসিংহের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক হাজিদুল ইসলাম নিজ জিম্মায় ৫০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বেলা ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রকাশ করেন সাথী আক্তার। তিনি উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে অবস্থিত ‘সাথী বিউটি পার্লারের’ মালিক।
৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই দুটি ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী আক্তার। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’
ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা ওই নারীর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে তার বিচারের দাবি জানান। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সাথী আক্তারকে হেফাজতে নেয়। পরদিন তাকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করলে সাথীকে কারাগারে পাঠানো হয়।


