নওগাঁর ধামইরহাটে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য বৃদ্ধ মায়ের ওপর হামলার অভিযোগে এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, প্রথমে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত এবং পরে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেওয়া হয়।
গ্রেপ্তার আসাদুজ্জামান শামীম (৩৭) উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা। তিনি ৬৭ বছর বয়সী আনজুমান আরার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনজুমান আরার নামে থাকা জমিজমা নিজের নামে লিখে নিতে দীর্ঘদিন ধরে তাকে চাপ দিয়ে আসছিলেন শামীম। অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন তিনি হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর ১৪ জুন আবারও তার ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেওয়া হয় বলে ২৪ জুন করা মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বস্তাবর গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামান শামীমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে তোলা প্রস্তুতি চলছে।


