জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ ও ছয়জন হুইপ নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। চলতি সংসদে চিফ হুইপ হয়েছেন বরগুনা-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এসব নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
হুইপ পদে নিয়োগপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি ১৯৮৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়ী হয়ে প্রথমবারের মত সংসদ সদস্য হন। ১৯৯১ সালেও তিনি ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য, পরে তিনি বিএনপিতে যোগ দিয়ে ২০০১ সালে আবার সংসদ সদস্য হন।
হুইপদের মধ্যে জি কে গউছ, রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবারই প্রথম সংসদ সদস্য হয়েছেন। এছাড়া রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১৯৯৬ ও ২০০১ সালে এবং আশরাফ উদ্দিন নিজান ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রুহুল কুদ্দুস তালুকদার ছিলেন ২০০১ সালের বিএনপির মন্ত্রিসভায় ভূমি উপমন্ত্রী।


