নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সমাপ্তির পরও থেমে থাকেননি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনভর দলীয় ও সাংগঠনিক কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন তিনি।
মঙ্গলবার বিকালে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, প্রচার শেষ হলেও তারেক রহমান সারা দেশের প্রার্থী ও নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। টেলিফোনে বিভিন্ন এলাকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তার বক্তব্য এসএমএস ও ভয়েস কলের মাধ্যমে দেশব্যাপী পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে গুলশানের বাসা থেকে কার্যালয়ে যান তারেক। সেখানে দলীয় সাংগঠনিক কাজ করেন তিনি। সন্ধ্যায় বনানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।
এবারের সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক। ধানের শীষ প্রতীক নিয়ে দলটি ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে। এ ছাড়া, নয়টি আসনে সমমনা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা হয়েছে।
গত ২২ জানুয়ারি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় জনসভা করেন।
ঢাকাসহ সারা দেশে নয় দিনে মোট ৪১টি নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন তিনি।


