শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান

শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
রোববার বিকালে শহরের থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুরে আগুনে একটি প্রাইভেটকারসহ চারটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। রোববার বিকালে শহরের থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একটি বাস কাউন্টার, দুটি ফুলের দোকান, একটি ডেন্টাল ক্লিনিক ও একটি প্রাইভেটকার।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন দেখতে পান। পরে আগুন দ্রুত পাশের প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রেড ক্রিসেন্টের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী লিটন মিয়া বলেন, ‘আমি দেখি কাউন্টারের পেছনে আগুন জ্বলছে। পরে কাছে গিয়ে দেখি প্রাইভেটকারের সামনের অংশে আগুন। এরপর আশপাশের লোকজনকে নিয়ে বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসে খবর দিই।’

স্থানীয় বাসিন্দা বাপ্পী বলেন, ‘আগুনের ধোঁয়া দেখে দৌড়ে এসে দেখি প্রাইভেটকারের সামনের অংশে আগুন জ্বলছে। তবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বলতে পারছি না। অল্প সময়ের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, আগুনের সূত্রপাত বাস কাউন্টার থেকে হতে পারে। তবে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad