জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার রাজধানীর বনানীতে নৌ বাহিনীর সদর দফতরের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। লন্ডন থেকে দেশে ফেরার পর এই মসজিদেই তিনি জুমার নামাজ আদায় করে আসছেন। মসজিদের মহিলাদের জন্য নির্ধারিত স্থানে নামাজ আদায় করেন তার সহধর্মিনী জুবাইদা রহমান।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে বেরিয়ে শিশু-কিশোরদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। এ সময় এক শিশু প্রধানমন্ত্রীকে সরলভাবে প্রশ্ন করে, আংকেল আপনি রোজা রাখেন? জবাবে তিনি হাসিমুখে বলেন, ‘আমি? আমি তো রোজা রাখি।’ পরে শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী জানতে চান,তোমরা রোজা রাখো? জবাবে তারা সমস্বরে বলে, ‘আমরাও রোজা রাখি।’
এক শিশু প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলে, আংকেল আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি। প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘তাই।’ অপর পাশ থেকে আরেক শিশু বলে, ‘আংকেল আমি সবগুলো রোজা রেখেছি।’ প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘ভেরি গুড।’
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জুমার নামাজ শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। এ সময় সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিশুদের সঙ্গে হাত মেলানো ও স্নেহময় আচরণে তারা উচ্ছ্বসিত হয়ে ওঠে।
পরে মসজিদ থেকে জুবাইদা রহমান বের হলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে বলেন, ‘আল্লাহ হাফেজ।’ শিশুরা জবাবে বলে, ‘আংকেল, আমাদের জন্য দোয়া করবেন।’ এরপর প্রধানমন্ত্রী হাত নেড়ে বিদায় জানিয়ে গাড়ির দিকে যান।


