শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মালয়েশিয়ার হাইকমিশনার মো. সুহাদা ওসমান। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে পৃথকভাবে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনাকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘস্থায়ী ও সুদৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
বিশেষ করে তুরস্ক বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবসার প্রসার এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।
জবাবে মন্ত্রী এহছানুল হক মিলন জানান, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম শুরু হলে শিক্ষার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে উভয় দেশের এই সহযোগিতার ক্ষেত্র আরও সুদূরপ্রসারী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরবর্তীতে মালয়েশিয়ার হাইকমিশনার মো. সুহাদা ওসমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন, শিক্ষা খাতের উন্নয়নে মালয়েশিয়া বিশ্বজুড়ে এক ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। মালয়েশিয়ার এই অভিজ্ঞতাকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজে লাগানোর অনেক সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। মালয়েশিয়ার হাইকমিশনারও দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।


