টানা আন্দোলনের মুখে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নূন্যতম বাড়িভাড়া ভাতা পাঁচ শতাংশ (দু’হাজার টাকা) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলকারীরা একে স্বাগত জানালেও তারা বলছেন, অন্যান্য বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাদের আন্দোলন চলবে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একাংশ শুক্রবার রাত থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শনিবার দুপুরেও শত শত আন্দোলনকারী শাহবাগে কালো পতাকা মিছিল করেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘পাঁচ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু সব দাবি পূরণের না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।’
রোববার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর কথা জানানো হয়।
এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।
সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) দেওয়া হবে।
প্রজ্ঞাপনে শর্তসমূহে উল্লেখ করা হয়— ‘এই বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১’, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণ করে নিয়োগের শর্তগুলো পালন করতে হবে।’
এতে বলা হয়, ‘এই ভাতা বাড়ানোর ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা আগের কোনো বকেয়া পাবেন না। অবশ্যই সকল আর্থিক বিধি-বিধান পালন করতে হবে। ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।’
প্রজ্ঞাপনের ওই আদেশ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।


