দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার সকালে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। চলমান এ আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব বলেও সেখানে উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে যৌক্তিকভাবে মেনে নিয়ে চলমান আন্দোলনের অবসান ঘটানো সরকারের দায়িত্ব।’
মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজের প্রতি সহনশীল আচরণ জরুরি জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারে শতাধিক শিক্ষক আহত হয়েছেন। এটি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত বেদনাদায়ক।’
‘শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, যা শিক্ষার্থী, অভিভাবক ও গোটা জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। শিগগিরই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই সময় শিক্ষাব্যবস্থা অচল হয়ে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা।’
শিক্ষার ক্ষতি যেকোনো জাতির জন্য অপূরণীয় উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়টি শিক্ষকসমাজের বিবেচনায় নেওয়া প্রয়োজন।’
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কঠোর অবস্থান থেকে সরে এসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা যৌক্তিক দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক।’


