নোয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা সংগঠিত হয়ে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে।
আটকরা হলেন, মুছাপুর ইউনিয়নের মো. সোহেল (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), সিরাজপুর ইউনিয়নের শেখ ফরিদ (৪০), সিরাজিল হক মনজু (৩৫), চরহাজারী ইউনিয়নের জাহাঙ্গীর আলম (৪৫), শরিয়ত উল্লা (৪০)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, প্রাথমিকভাবে আটককৃতরা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের পরিচয়ের বিষয়ে আরও যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


