বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আলাদা দুই অভিযানে তিন লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে বাইশফাঁড়ি এলাকায় এবং শনিবার ভোর ৫টার দিকে ঘুমধুম ইউনিয়নের কাঁকড়া ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয় বলে জানায় বিজিবি সূত্র।
বিজিবি ৩৪ নং ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, অভিযান চলার সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৩১ নং আন্তর্জাতিক পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম ইউনিয়নের কাঁকড়া ব্রিজ এলাকা থেকে বছির আহাম্মদ (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। আটক বছির আহাম্মদ একজন রোহিঙ্গা নাগরিক। তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এবং বর্তমানে কক্সবাজারের বালুখালী ৯ নম্বর শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানায় বিজিবি।
এর কয়েক ঘণ্টা আগে শুক্রবার রাতে একই ইউনিয়নের বাইশফাঁড়ি বিওপির জওয়ানরা ৩৬ নং আন্তর্জাতিক পিলারের কাছাকাছি বাংলাদেশ ভূখণ্ডে পরিত্যক্ত অবস্থায় আরও ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। স্থানীয় সূত্রগুলোর ধারণা, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্র ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়।
এস এম খায়রুল আলম বলেন, উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


