মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল এক বিবৃতিতে এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিবৃতিতে সাদা দলের নেতারা বলেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোনো বৈধ বা কার্যকর কমিটি নেই। যারা নিজেদের সমিতির দায়িত্বশীল বলে দাবি করছেন, তাদের কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই বলে অভিযোগ করেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্টরা জুলাই গণঅভ্যুত্থানের সময় স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে অবস্থান করেছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে তারা ‘গণধিকৃত’ হিসেবে চিহ্নিত হয়েছেন বলেও দাবি করা হয়।
তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাদের অনেককে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়। এ অবস্থায় শিক্ষক সমিতির নাম ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই বলে বিবৃতিতে দাবি করা হয়।
সাদা দলের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
তদন্ত শেষ না হওয়া এবং কার্যকর কমিটি গঠিত না হওয়া পর্যন্ত ‘শিক্ষক সমিতি’র নাম বা ব্যানার ব্যবহার করে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের পবিত্র ও সংবেদনশীল স্থানে কোনো বিতর্কিত ব্যক্তি বা সংগঠন যেন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।
এ বিষয়ে শিক্ষক সমিতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


