শনিবার উত্তরাঞ্চলে ও রোববার ঢাকায় জনসভা তারেকের

শনিবার উত্তরাঞ্চলে ও রোববার ঢাকায় জনসভা তারেকের
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সারা দেশে নির্বাচনী প্রচার শেষ করে আগামী রোববার ঢাকায় জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানী ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, রোববার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।

এ জনসভা অত্যন্ত সফল হবে উল্লেখ করে রিজভী বলেন, ‘আজকের যৌথসভায় দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই জনসভা সফল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।’

তিনি জানান, ঢাকার ২০টি আসনের বিএনপি প্রার্থীরা এই সমাবেশে উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরীতে এটিই হবে বিএনপির সর্বশেষ নির্বাচনী সমাবেশ।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এদিকে, শনিবার দ্বিতীয় দফায় উত্তরাঞ্চলে নির্বাচনী জনসভা করতে যাচ্ছেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল জানায়, সফরসূচি অনুযায়ী শনিবার তিনি হেলিকপ্টারে উত্তরাঞ্চলে যাবেন। বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও, দুপুর দেড়টায় নীলফামারী এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এর আগে প্রথম দফায় গত ২৯ জানুয়ারি সড়কপথে উত্তরাঞ্চলে সফর করেন তারেক রহমান। ওইদিন রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় এবং ৩০ জানুয়ারি রংপুর, ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভা করেন তিনি।

গত ২৭ জানুয়ারি ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার উত্তরায় এবং ২৫ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড থেকে শুরু করে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করেন তারেক রহমান।

গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান। এরপর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে জনসভা করেন তিনি।

এর আগে, গত ২ জানুয়ারি বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভা করেন তিনি।

এ পর্যন্ত বিএনপি চেয়ারম্যান ঢাকার বাইরে সারাদেশে মোট ২৪টি নির্বাচনী জনসভা করেছেন। এ ছাড়া নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের কড়াইল ও বনানীতে দুটি নির্বাচনী জনসভা করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর