চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার প্রতিবাদে মারছা পরিবহনের বাস আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।
রোববার সকালে চুনতি এলাকার ফোর সিজন রেস্টুরেন্টের সামনে এই বিক্ষোভের ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার একই স্থানে মারছা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং বহু যাত্রী আহত হন। এর প্রতিবাদে রোববার সকালে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী মারছা পরিবহনের কয়েকটি বাস থামিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ জনতা।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, বিক্ষুব্ধ জনতা মারছা পরিবহনের কয়েকটি গাড়ি আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাদের শান্ত করে এবং স্থানীয় প্রতিনিধিরা মারছা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য লোহাগাড়া সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান।
তিনি আরও জানান, শনিবারের দুর্ঘটনায় জড়িত মারছা পরিবহনের বাস দুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।


