লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু তালেব ওই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় ওই শিশু। ঘোরাঘুরি শেষে বিকালে নানার কাছ থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফেরার জন্য আবু তালেবের ভ্যানে ওঠে। ভ্যানচালক শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে একটি গ্যারেজে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে সে পালিয়ে যায়। পরে শিশুটি অন্য একটি ভ্যানে বাড়ি ফিরে নানিকে বিষয়টি জানায়। সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে লালমনিরহাট সদরের একটি হাসপাতালে স্থানান্তর করেন।
এই ঘটনায় গত ২৯ মে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির নানা।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’


