লক্ষ্মীপুরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে জামায়াত ও বিএনপি কর্মীর মৃত্যু

লক্ষ্মীপুরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে জামায়াত ও বিএনপি কর্মীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরে আলাদা দুটি নির্বাচনী মিছিলে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে জামায়াত ও বিএনপির দুই কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনে এ দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন–জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সহিদ এবং বিএনপির কর্মী ওবায়দুল হক। নিহত আব্দুস সহিদ লক্ষ্মীপুর পৌরসভার-২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং ওবায়দুল হক একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকালে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নিতে যাওয়ার পথে আব্দুস সহিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সন্ধ্যায় একই আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে অংশ নেওয়ার সময় বিএনপি কর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল জানান, আলাদা সময়ে দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad