কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদ উল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে টেকনাফের জাদিমুড়া ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
মঙ্গলবার সকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, সোমবার টেকনাফ থানা পুলিশের একটি দল ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার ব্যবহৃত মোবাইল ফোনে টিটিপির সঙ্গে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও ডকুমেন্ট পাওয়া গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল বলেন, ‘প্রাথমিকভাবে তার টিটিপির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার মোবাইল ফোনে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।’
এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অহিদুর রহমান সাংবাদিকদের জানান, সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য-প্রযুক্তি সহায়তায় তাকে শনাক্ত করা হয়।
জব্দ করা ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।


