বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে উঠলেও বেগম রোকেয়া ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা এক অগ্রদূত, নারী জাগরণের আলোকবর্তিকা।
তিনি বলেন, সমাজে নারীর পশ্চাৎপদ অবস্থান তিনি নিজের জীবনের বাস্তবতা থেকে উপলব্ধি করেছিলেন ও বিশ্বাস করতেন, শিক্ষাই পারে নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠা করতে।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি (তারেক)।
বিবৃতিতে তিনি বলেন, বিশেষভাবে পিছিয়ে থাকা মুসলিম নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনিই (রোকেয়া) প্রথম উদ্যোগ নেন। নারীমুক্তির কথা বলতে গিয়ে তাকে গোঁড়া রক্ষণশীলদের প্রবল আক্রমণের মুখোমুখি হতে হলেও তিনি ছিলেন অদম্য, অবিচল ও কর্তব্যে স্থির।
বিবৃতিতে আরও বলা হয়, ধারালো লেখনীর মাধ্যমে বেগম রোকেয়া সমাজে নারীর প্রতি অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলভিত্তিতে আঘাত করেছিলেন। সংসার, সমাজ ও অর্থনীতিকে জীবনের কেন্দ্রস্থলে স্থাপন করে নারীর স্বায়ত্তশাসন ও আত্মমর্যাদা রক্ষার প্রশ্নে তিনি ছিলেন অত্যন্ত সচেতন।
এতে আরও বলা হয়, নারীকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজনীয়তায় তিনি দৃঢ় বিশ্বাসী ছিলেন এবং কুসংস্কার ও কূপমণ্ডূকতার বাধা সত্ত্বেও নারীকে স্বাবলম্বী করতে সামাজিক আন্দোলন গড়ে তোলেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বেগম রোকেয়ার ভাবনা ও আদর্শের কেন্দ্রে রয়েছে নারীর প্রকৃত স্বাধীনতা, যা আজও নারীদের অনুপ্রাণিত ও উদ্যমী করে। তার কর্মময় জীবন দেশের নারী সমাজকে সামনে এগিয়ে যেতে পথ দেখাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


