রেলওয়ে পুলিশের ৬টি জেলার ২৪টি থানায় বৃহস্পতিবার থেকে জনগণের জন্য অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) সেবা চালু হচ্ছে। পুলিশের সদর দপ্তর বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে দেশের সকল থানা অনলাইনে জিডি করার সুবিধায় অন্তর্ভুক্ত হবে। এর মাধ্যমে জনসাধারণ থানায় না গিয়ে ঘরে বসেই সকল ধরনের জিডি করতে পারবেন।
অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর রেজিস্ট্রেশন সম্পন্ন করলে এই সেবা গ্রহণ করা যাবে। একবার রেজিস্ট্রেশন করলে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে না।
যদি রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনো ধরনের সমস্যা হয়, তবে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। হটলাইনটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।
বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ সেবা পৌঁছানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।


