রুদ্ধশ্বাস জয়ে সবাইকে ছাড়িয়ে রাজশাহী

রুদ্ধশ্বাস জয়ে সবাইকে ছাড়িয়ে রাজশাহী
প্লে অফ নিশ্চিত আগেই, টানা তিন জয়ে টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্স। ছবি: রাজশাহী ওয়ারিয়র্স
Advertisement
Advertisement

শুক্রবার চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সকে ৫ রানে হারিয়ে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। প্লে অফ নিশ্চিত হয়েছে আগেই, টানা তিন জয়ে উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তাদের দেয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪২ পর্যন্ত যেতে পারে সিলেট। শেষ ওভারে জয় থেকে ১১ রান দূরে থাকলেও ৫ রানের বেশি তুলতে পারেনি গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলতে নামা মেহেদী হাসান মিরাজরা।

রান তাড়ায় নেমে সিলেটের হয়ে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। যদিও ৩০ বলে ৪১ রানের বেশি করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। এরপর মুমিনুল হকের ৩৬ বলে ৩১ রানের ইনিংস দলকে টেনে নেয়। টপ অর্ডারের ব্যর্থতার দিনে শেষ দিকে নেমে ১২ বলে ২৭ রানের ক্যামিও খেলেন মইন আলি। যদিও সেটা ম্যাচ জেতাতে যথেষ্ট ছিল না।

রাজশাহীর হয়ে দারুণ বোলিংয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন রিপন মন্ডল। ২০ রান খরচ করে ২ উইকেট নেন বিনুরা ফার্নান্দো। শেষ ওভারেও সিলেটকে চাপে রাখেন এই বাঁহাতি পেসার।

এর আগে মুশফিকুর রহিমের ৩০ বলে ৪০ ও নাজমুল হোসেন শান্তর ২১ বলে ৩৪ রানের ইনিংসে রাজশাহী পায় ১৪৭ রানের সংগ্রহ। সিলেটের হয়ে ৩৭ রানে দুই উইকেট নেন শহিদুল ইসলাম।

গ্রুপ পর্বের ৯ ম্যাচ শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী। গ্রুপ পর্ব শেষ হওয়া পর্যন্ত শীর্ষ দুইয়ে থাকলে খেলবে কোয়ালিফায়ার ওয়ানে। সেখানে হারলেও ফাইনালে যাওয়ার লড়াইয়ে দ্বিতীয়বার নামার সুযোগ পাবেন শান্তরা, আর জিতলে সরাসরি নিশ্চিত হবে বিপিএলের ফাইনাল। আর ১০ ম্যাচ শেষে ৫ জয়ে সিলেটের সংগ্রহ ১০ পয়েন্ট।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad