রাজধানী ঢাকার উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে পড়লে স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবন ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ রিকশা ও অটোরিকশা চালকরা। এ সময় ভবনের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা।
রোববার রাত সাড়ে ১২টার দিকে ‘উত্তরা স্কয়ার’ নামে ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। বিষয়টি দ্রুত অন্যান্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। একই সঙ্গে ওই ভবনে ভাঙচুরও চালান তারা।
স্থানীয়রা জানান, নিহত রিকশাচালককে ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে, এমন গুজব ছড়িয়ে পড়লে উপস্থিত জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করে জানান, রিকশাচালককে হত্যার ঘটনা পুরোপুরি গুজব।
হাতাহাতি থেকে ঘটনার সূত্রপাত হয় উল্লেখ করেও তিনি বলেন, হাতাহাতির একপর্যায়ে রিকশাচালককে হত্যা করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে প্রায় পাঁচ শতাধিক রিকশাচালক ওই ভবনে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় দুই শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।


