রাজবাড়ীর ফিলিং স্টেশনগুলোতে বিভিন্ন পেট্রোলিয়াম তেলের মূল্য স্বাভাবিক রাখা ও কৃত্রিম সংকট যেন সৃষ্টি না হয় সেজন্য বিভিন্ন অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।
রাজবাড়ী সদর উপজেলার পলাশ ফিলিং স্টেশন, রাজবাড়ী ফিলিং স্টেশন, সপ্তবর্ণা ফিলিং স্টেশন, করিম ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনে শুক্রবার সন্ধ্যায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক।
অভিযানের সময় ফিলিং স্টেশনগুলোতে পেট্রল, অকটেন ও ডিজেলের সামগ্রিক মজুদ, চাহিদা ও সরবরাহ যাচাই করা হয়। ফিলিং স্টেশনগুলো যেন বিভিন্ন পেট্রোলিয়াম তেলের বেশি দাম না রাখে ও কৃত্রিম সংকট সৃষ্টি না করে সে ব্যাপারে ফিলিং স্টেশনগুলোকে সতর্ক করা হয়।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ফিলিং স্টেশনে উপস্থিত ক্রেতাদেরও অধিক মাত্রায় তেল মজুদ না করে নাগরিক দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার জন্য সচেতন করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান বলেন, পেট্রোলিয়ামের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


