রাজধানীর পূর্ব জুরাইনে টাকা-পয়সা লেনদেনের বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আব্দুল কুদ্দুস (৫০) নামে এক বাসচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে কদমতলী থানার পূর্ব জুরাইন নবারন গলির পপি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পরে মধ্যরাতে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল কুদ্দুস মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি পূর্ব জুরাইন দারোগাবাড়ী রোডের একটি ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় একজন বাসচালক ছিলেন।
নিহতের ছোট ভাই আব্দুল হাশেম জানান, বৃহস্পতিবার রাতে পপি স্কুলের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন কুদ্দুস। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। এই অন্ধকারের সুযোগ নিয়ে ৮-১০ জনের একটি দুর্বৃত্ত দল চায়ের দোকানে ঢুকে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর কুদ্দুসকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
আব্দুল হাশেম আরও বলেন, ‘আমার ভাইয়ের শরীরে ধারালো অস্ত্রের অন্তত ১২০টি জখম রয়েছে। তাকে অত্যন্ত নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।’
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, টাকা-পয়সার লেনদেন ও পূর্বশত্রুতার জেরেই চায়ের দোকানে ঢুকে কুদ্দুসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


