সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুবাইয়ে অবস্থানের তথ্য দিয়েও শেষ রক্ষা হলো না ‘শীর্ষ সন্ত্রাসী’ বড় সাজ্জাদের অনুসারী মোবারক হোসেন ইমন ওরফে ডেবিট ইমনের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার গুলশানের একটি অভিজাত হোটেল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এলাকার ‘আমারি ঢাকা’ হোটেলের ৯১ নম্বর কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, মোবারক হোসেন ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়। ফেসবুকে ‘ডেবিট ইমন’ নামের আইডিতে নিজেকে দুবাই প্রবাসী দাবি করলেও দীর্ঘদিন ধরে পুলিশ তাকে নজরদারিতে রেখেছিল। ইমন মূলত ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সংঘটিত জোড়া খুন এবং একই বছরের ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ হত্যাসহ মোট সাতটি মামলার এজাহারনামীয় আসামি।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইমন অস্ত্র ব্যবহারে অত্যন্ত দক্ষ এবং তার বিরুদ্ধে একাধিক অস্ত্র বহন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় শুটার ও মোটরসাইকেল জোগাড়ের মূল দায়িত্ব তিনিই পালন করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশে অবস্থানরত ‘শীর্ষ সন্ত্রাসী’ বড় সাজ্জাদের পক্ষে বর্তমানে চট্টগ্রামে অপরাধী চক্র পরিচালনায় অন্যতম নেতৃত্ব দিচ্ছিলেন এই মোবারক হোসেন ইমন ও মোহাম্মদ রায়হান। এর আগে এই চক্রের দায়িত্বে থাকা সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বর্তমানে কারাগারে রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বড় সাজ্জাদের এই চক্রে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছেন। ইমন ও রায়হান চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী ও ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন। এসব অভিযোগে একাধিক ভুক্তভোগী পুলিশের কাছে লিখিত অভিযোগ দিলেও এতদিন সে অধরাই ছিল।


