রাজধানীতে মুষলধারে বৃষ্টি

রাজধানীতে মুষলধারে বৃষ্টি
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৃষ্টির মধ্যে দুই শিক্ষার্থী। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

কয়েকদিনের তীব্র ও ভ্যাপসা গরমের পর শুক্রবার বিকালে রাজধানীর আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায় এবং মুষলধারে বৃষ্টি নামে। ছুটির দিনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পর এই আকস্মিক বর্ষণ শহরবাসীর জন্য স্বস্তি নিয়ে আসে। তবে কোথাও কোথাও সড়কে পানি জমে দুর্ভোগ সৃষ্টি হয়।

ঢাকার রামপুরা, বনশ্রী, মালিবাগ, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, শান্তিনগর, মতিঝিল, পল্টন, কমলাপুর, শাহজাহানপুর, ফার্মগেট, কাওরানবাজার, বাংলামোটর, শাহবাগ, পান্থপথ, ধানমন্ডি ও গ্রিন রোডসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে। ভারি বৃষ্টির কারণে অনেক সড়কে যানবাহনের গতি কমে গেছে, কর্মস্থল থেকে ফেরার পথে ও বাইরে থাকা মানুষদের ভোগান্তি দেখা দিয়েছে। অনেককে দোকানপাট ও অন্যান্য আশ্রয়স্থানে অপেক্ষা করতে দেখা গেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনার কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রাজধানীর হঠাৎ বৃষ্টিতে কিছুটা অসুবিধা হলেও গরমের তীব্রতা কিছুটা কমেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad