রাজধানীর সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠের সামনে একটি বাথরুমের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নিহতের ভাগিনা সুমন ইসলাম জানান, মোবারক হোসেনের বাড়ি কুমিল্লার হোমনা থানার ডুমুরিয়া গ্রামে। তিনি স্ত্রী ও চার সন্তান নিয়ে দক্ষিণ বাসাবো এলাকায় ভাড়া থাকতেন। কোনো নির্দিষ্ট পেশায় নিয়োজিত ছিলেন না এবং মাদকাসক্ত ছিলেন বলে জানান সুমন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নর উত্তম বিশ্বাস জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোবারকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


