নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণ, শব্দদূষণ ও বায়ুদূষণ প্রতিরোধে দেশব্যাপী মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ অনুযায়ী বগুড়া, নারায়ণগঞ্জ এবং রাজধানীর চকবাজারে চালানো অভিযানে পলিথিন উৎপাদন ও বিপণনের অপরাধে ৩টি মোবাইল কোর্ট ৬টি মামলায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। একই অভিযানে ৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এ সময় বাজার, সুপারশপ ও দোকান মালিকদের পলিথিন ব্যবহার বন্ধে সতর্ক করা হয় এবং জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
অপরদিকে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী টিকাটুলিতে চালানো আরেক অভিযানে ১টি মোবাইল কোর্ট ৬টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ৬০টি হাইড্রোলিক হর্ন জব্দ করে। চালকদের শব্দদূষণ বন্ধে সতর্ক নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে খুলনা, টিকাটুলি ও শ্যামলীতে নির্মাণ সামগ্রী থেকে সৃষ্ট ধুলাদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট ৪টি মামলায় ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ সামগ্রী অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।


