রাজধানী ঢাকার মুগদা ও রামপুরা এলাকায় পৃথক দুটি ঘটনায় রিমা (১৮) ও হাসান ভূঁইয়া (৪৩) নামে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মুগদা থানার একটি বাড়ি থেকে রিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। রিমা আব্দুল রহিমের মেয়ে এবং তার স্বামীর নাম মো. উজ্জল। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের শাহারাস্তি উপজেলায়।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, শুক্রবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে যেকোনো এক সময় রিমা বাসায় সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।
এদিকে একই দিন সকালে পূর্ব রামপুরার জামতলার একটি বাড়ির ছাদের সিঁড়িঘর থেকে হাসান ভূঁইয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, লোহার পাইপের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ সময় তার দুই পা ফ্লোরের সঙ্গে লাগানো ছিল।
নিহত হাসান ওই বাসায় থাকতেন এবং পেশায় বেকার ছিলেন উল্লেখ করে তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় মৃত্যুর কারণ খতিয়ে দেখতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।


