রাজধানীর খিলক্ষেতে সিএনজি অটোরিকশার ধাক্কায় ইমন হোসেন (২৪) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত ইমনের বাবা টিপু সুলতান জানান, তারা মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এলাকায় থাকেন। ইমন ফার্মগেট এলাকায় একটি চশমার দোকানের কাজ করতেন। গত দেড় মাস আগে ইমন বিয়ে করেন। তবে বউকে এখনো আনুষ্ঠানিকভাবে বাড়িতে তোলা হয়নি। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার শিমুলকান্দি গ্রামে।
তিনি আরও জানান, শনিবার সকালে বাসা থেকে বাইসাইকেল চালিয়ে ফার্মগেট দোকানে কাজে যান ইমন। এরপর অফিসের কাজে বাইসাইকেল চালিয়ে খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় গিয়েছিলেন। সেখানে সিএনজি অটোরিকশার ধাক্কায় ইমন আহত হন। ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য খিলক্ষেত থানায় জানানো হয়েছে।


