রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাকসু নির্বাচন কমিশন। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বরও প্রকাশ করা হয়েছে।

এতে সহসভাপতি (ভিপি) ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৩ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) ১৬ জনসহ মোট ৩০৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে সিনেট ভবনে মোট প্রার্থী সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রাকসু কোষাধ্যক্ষ সেতাউর রহমান।

এদিকে ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদে শেখ নূর উদ্দীন আবীরের ব্যালট নম্বর ৫, জিএস পদে নাফিউল ইসলাম জীবনের ৭ এবং এজিএস পদে জাহিন বিশ্বাস এষা লড়বেন ৫ নম্বর ব্যালট নিয়ে।

অপরদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের ব্যালট নম্বর ৪, জিএস প্রার্থী ফাহিম রেজা লড়বেন ১০ নম্বর ব্যালট নিয়ে এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বিরের ব্যালট নম্বর ১৫।

আরও পড়ুন

রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, এবার রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট ৩২২ জন প্রার্থীর মধ্যে সাতজনের প্রার্থিতা বাতিল করে প্রাথমিকভাবে মোট প্রার্থী ছিল ৩১৫ জন। তবে চূড়ান্ত প্রার্থী তালিকায় আছে ৩০৬ জন।

এ সময় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ‘আমাদের মোট প্রার্থী ছিল ৩২২ জন। তার মধ্যে আমরা বিভিন্ন কারণে প্রাথমিকভাবে সাতজনের প্রার্থিতা বাতিল করেছিলাম। বিভিন্ন কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। কেউ ব্যাংক রশিদ জমা দেননি, কারও স্বাক্ষর নেই, কারও ছবি নেই, আবার অনেকের ডোপ টেস্ট রিপোর্ট নেই। পরে অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমান মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ জন।’

২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হয়েছে শনিবার।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad