রংপুরের কাউনিয়ায় টেপামধুপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪৩ জন নেতাকর্মী এবং ৬০ জন সাধারণ নাগরিক জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
সোমবার বিকালে কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, সহসভাপতি মোহাম্মদ আলী এবং সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে ৪৩ জন নেতাকর্মী ও ৬০ জন সাধারণ নাগরিক এনসিপিতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন তাদের দলে বরণ করে নেন।
সদ্য যোগ দেওয়া নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় আখতার বলেন, ‘আপনারা চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের সঙ্গে রাজপথে ছিলেন। একই সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু বিএনপি সরকার গঠন করার পরে গণভোটের রায় ও জনগণের ভোটকে অস্বীকার করছে।’
তিনি আরও বলেন, ‘যে ভোটের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রব্যবস্থায় সংস্কার হওয়ার কথা ছিল, সেই সংস্কারের এজেন্ডাকে যারা আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে চায়, তাদের দলকে এখন জনগণের দল মনে করতে পারছেন না। তাই জনগণের পক্ষে এবং গণভোটের পক্ষে থাকা এনসিপিতে এসেছেন। জুলাইয়ের রাজপথের যোদ্ধা হিসেবে আপনাদের হৃদয় থেকে বরণ করে নিচ্ছি।’


