ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালতে কাজী মুকিতুজ্জামান নামে এক যুবদল নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল বলেন, ‘এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন সময় বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে আসছেন। আমরা মনে করেছি, এখন এর লাগাম টেনে ধরা দরকার। এজন্য মানহানি মামলা দায়ের করা হয়েছে।’
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসিরুদ্দীন পাটওয়ারী আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি ও এর নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, তথ্য বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন।
এরই ধারাবাহিকতায় নাসীরুদ্দীন পাটওয়ারী শনিবার নয়নকে নিয়ে বলেন, ‘জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি এবং দুর্নীতি করেছে এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি। তবে, ওনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই। এখন আমার মনে হয় ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।’
নাসীরুদ্দীনের এমন বক্তব্যের মাধ্যমে সমাজের সামনে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একই সঙ্গে এ বক্তব্যটি মানহানিকর।


