ঢাকার যাত্রাবাড়ীতে একটি বাসার এসি বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ীর ধলপুর বউবাজার এলাকার একটি বাড়ির সাত তলায় শুক্রবার রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এসময় তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯) দগ্ধ হন। আহতদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়।
স্বজনরা জানান, স্ত্রী-সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন তুহিন। মোতালিব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন তুহিন আর তার স্ত্রী গৃহিণী। শুক্রবার রাতে বাসার এসি বিস্ফোরণে মুহূর্তেই ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই দগ্ধ হন। আশপাশের ভাড়াটিয়ারা রাতেই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তাদের চারজনের অবস্থাই গুরুতর।


